কিছুটা স্বপ্ন জয়ের গল্প। কিছুটা আকাশ ছোঁয়ার তীব্র আকাঙ্খা। কিছুটা মানুষের হয়ে থাকতে পারা। কিছুটা মানুষকে নিয়ে বাঁচা। সে মানব, যেন মানবতা নিয়ে তার বসবাস। মানুষের উন্নয়ন, মানুষের জন্য কিছু করতে পারা, মানুষের কষ্টে দুঃখ পাওয়া এক দ্বীপ মানবের নাম মুহাম্মদ আমজাদ হোসাইন। আজ গল্পটা এই দ্বীপ সন্তানকে নিয়ে।
মুহাম্মদ আমজাদ হোসাইন, ১৯৭৮ সালের ২৯ নভেম্বর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীপাঞ্চল সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী, অধ্যাবসায়ী এবং দায়িত্বশীল। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি উচ্চশিক্ষার জন্য এগিয়ে যান। তিনি সরকারি চট্টগ্রাম কলেজ থেকে ২০০০ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্মান ও ২০০১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শুধু একাডেমিক পড়াশোনা নয়, ২০০৩ সালে কম্পিউটার প্রযুক্তিতে ডিপ্লোমা অর্জনের মাধ্যমে তিনি আধুনিক প্রযুক্তিগত জ্ঞানের সাথেও নিজেকে সমৃদ্ধ করেন। তার শিক্ষাজীবন তার নেতৃত্বের ভিত্তি গড়ে দেয়, আর সততা ও শৃঙ্খলার প্রতি তার নিষ্ঠা তাকে সমাজে একজন উদার, জ্ঞানী ও দৃঢ়চেতা মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে।
মুহাম্মদ আমজাদ হোসাইনের কর্মজীবনের সূচনা হয় শিক্ষকতার মহান পেশা দিয়ে। দেশের প্রথম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে তিনি চট্টগ্রামের ডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেননি, বরং শিক্ষার্থীদের মনে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের আলো জ্বালিয়েছেন। শিক্ষক হিসেবে তার সুনাম আজও ছাত্রদের স্মৃতিতে অম্লান। শিক্ষার্থীদের কাছাকাছি থেকে তাদের বাস্তব সমস্যাগুলো গভীরভাবে উপলব্ধি করার সুযোগ তাকে সমাজ পরিবর্তনের দৃঢ় অঙ্গীকারে উদ্বুদ্ধ করেছে। চেষ্টা করেছেন বৃহত্তর স্বার্থে নিজেকে সংপৃক্ত করতে। মানুষের জন্য কিছু করার তীব্র আকাঙ্খা তাকে জীবনের পথে তাড়িত করেছে বারংবার।
ছাত্রজীবন থেকেই মুহাম্মদ আমজাদ হোসাইন সংগঠন ও নেতৃত্বের প্রতি আগ্রহী ছিলেন। আজ তিনি শুধুমাত্র সন্দ্বীপ নয়, প্রবাসী বাংলাদেশিদেরও আস্থার প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশ, সন্দ্বীপ উপজেলা শাখার সিনিয়র উপদেষ্টা হিসেবে তার অবদান অপরিসীম। নিউইয়র্ক সন্দ্বীপ সোসাইটির টানা তিনবারের নির্বাচিত কোষাধ্যক্ষ হিসেবে প্রবাসীদের কল্যাণে তিনি নজির স্থাপন করেছেন। তিনি কালাপানিয়া সমাজ কল্যাণ সমিতির দুইবারের সাধারণ সম্পাদক, সন্দ্বীপ এডুকেশন সোসাইটির উপদেষ্টা এবং সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছেন। এছাড়াও তিনি ইদ্রিসিয়া একাডেমি ও মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের উপদেষ্টা এবং মগধরা স্কুল অ্যান্ড কলেজের আজীবন সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন।
সমাজ সেবায় মুহাম্মদ আমজাদ হোসাইন এক অনন্য উদাহরণ। তার প্রচেষ্টায় সন্দ্বীপের প্রত্যন্ত গ্রামাঞ্চলে নীরব বিপ্লব ঘটছে। তার উদ্যোগে নির্মিত হয়েছে একাধিক মসজিদ ও মাদ্রাসার ভবন। কালাপানিয়া স্কুলের পাশে প্রতিষ্ঠিত হয়েছে একটি মক্তব। মাদ্রাসার ভবন উন্নয়নে এবং শিক্ষার্থীদের সহায়তায় তিনি নিয়মিত আর্থিক সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। তিনি অসংখ্য দরিদ্র পরিবারের ঘর নির্মাণ, চিকিৎসা সহায়তা, নগদ অর্থ প্রদান ও অটোরিকশা দিয়ে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছেন। নিম্ন আয়ের মানুষের জন্য গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করেছেন। বিনিময়ে কিছু প্রত্যাশা না করেই, মানুষের দুঃখ-দুর্দশার সময়ে তিনি এগিয়ে এসেছেন নিরলসভাবে। এই নিঃস্বার্থ সেবা তাকে সাধারণ মানুষের হৃদয়ের কাছাকাছি নিয়ে গেছে। মানুষের বুকে থাকতে উদ্বুদ্ধ করেছে। তিনি সব সময় চাচ্ছেন, মানুষের সাথে থাকতে, মানুষের আপন হতে, মানুষের গল্পের নায়ক হতে, যেখানে মানুষের হৃদয়ের কেন্দ্রে যেন এক টুকরো জায়গা হয়।
মুহাম্মদ আমজাদ হোসাইনের স্বপ্ন একটি আধুনিক, নিরাপদ ও উন্নত সন্দ্বীপ গড়ে তোলা। তার পরিকল্পনায় রয়েছে: প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি। নারীদের আত্মনির্ভরশীল করার জন্য প্রশিক্ষণ ও সহায়তা প্রকল্প চালু। রাস্তা-ঘাট উন্নয়ন, নিরাপদ নৌ-যাতায়াত ও বিদ্যুৎ সমস্যার সমাধান। দুর্নীতিমুক্ত প্রশাসন ও স্বচ্ছ সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা। তিনি বিশ্বাস করেন, জনগণের ঐক্য, আস্থা ও ভালোবাসা থাকলে সন্দ্বীপ হবে একটি স্বপ্নের জনপদ, যেখানে মানবিকতা ও উন্নয়ন হাত ধরাধরি করে এগিয়ে যাবে।
মুহাম্মদ আমজাদ হোসাইন রাজনীতিকে ক্ষমতার আসন নয়, মানুষের সেবার সুযোগ হিসেবে দেখেন। সততা, আত্মত্যাগ ও সেবার আদর্শে তিনি হয়েছেন সন্দ্বীপের মানুষের আস্থার প্রতীক। তার নেতৃত্বে সন্দ্বীপ পাবে উন্নয়নের নতুন দিগন্ত, ন্যায়বিচার ও মানবিকতার সোনালী অধ্যায়। যেখানে যুব সমাজ মাদককে না বলবে। কলম হাতে সত্যের বাণী প্রচার করবে। দ্বীপবাসী রাতে ঘুমাতে যাবে নিশ্চিন্তে। গভীর স্বপ্ন ভরা দীর্ঘ ঘুম শেষে পাখি ডাকে সাড়া দিয়ে ভোরের আলোর সাথে মিতালী করবে। দিনে ঘুরে বেড়াবে নিরাপদ সন্দ্বীপের সুবিস্তীর্ণ ময়দানে। মানুষে মানুষ মিশে গিয়ে গড়ে তুলবে এক সুন্দর সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে লড়বেন মুহাম্মদ আমজাদ হোসাইন। তার প্রার্থিতা শুধুমাত্র রাজনীতির নয়, এটি একটি আদর্শিক সংগ্রামের প্রতীক। তিনি রাজনীতিকে দেখেন সেবার মহান মঞ্চ হিসেবে, যেখানে মানুষের কল্যাণই মূল লক্ষ্য। সততা, ইসলামী মূল্যবোধ এবং জনগণের আস্থা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন একটি উন্নত, সুশাসিত সন্দ্বীপ গড়ার স্বপ্ন পূরণের পথে।
