জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যজোটের ৯ দফা প্রস্তাব

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

2 Min Read

জাতীয় ঐক্যজোট জুলাই–আগস্টের যোদ্ধাদের হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন না করার দাবি জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নে ৯ দফা প্রস্তাব ঘোষণা করেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত জাতীয় সংলাপে এই প্রস্তাবগুলো ঘোষণা করেন জাতীয় ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী মাওলানা আলতাফ হোসেন মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, এছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কেএম আবু তাহেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় ঐক্যজোটের ৯ দফা প্রস্তাব:

1. জুলাই যোদ্ধাদের কোনো রূপে বিচার, শাস্তি বা অপরাধী হিসেবে সাব্যস্ত করা যাবে না।

2. জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর কোনো বিরূপ মতামত গ্রহণ করা যাবে না।

3. জুলাই যোদ্ধাদের হত্যাকারীদের বিচার এবং গুম, আটক বা শাস্তি প্রদানের দায়ীদের বিচার ছাড়া নির্বাচন করা যাবে না।

4. জুলাই সনদের স্বীকৃতি না দেওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতি করতে দেওয়া হবে না।

5. জুলাই সনদ কোনো নাগরিক, রাজনীতিবিদ, প্রশাসন, সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা অমান্য করা যাবে না।

6. জুলাই সনদে রাষ্ট্রীয় মূলনীতি নির্ধারণ করা হবে, যা ইসলাম, ইসলামের সাম্য, সামাজিক ন্যায়বিচার, মানবাধিকার ও গণতন্ত্রের ওপর ভিত্তি করে হবে। ধর্ম পালনের স্বাধীনতা ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

7. জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের চাকরি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবারিক ভাতা ও অন্যান্য কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

8. শাপলা হত্যাকাণ্ডের বিচার এবং হেফাজতের দাবির প্রতি সম্মান দেখাতে হবে।

9. পিলখানা হত্যাকাণ্ডের ন্যায্য বিচার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

জাতীয় ঐক্যজোটের এই প্রস্তাবগুলো জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের স্বচ্ছতা এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের দাবিকে আরও সুসংহত করেছে।

জাতীয় ঐক্যজোটের নেতাদের মতামত, এই প্রস্তাবগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে, যেখানে জনগণের মতামত ও অধিকার সুরক্ষিত থাকবে। তারা সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, জাতির স্বার্থে জুলাই সনদের স্বীকৃতি দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *