ইসরাইলের রামন বিমানবন্দর ও নেগেভ মরুভূমির একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটি জানিয়েছে, গাজায় চলমান সহিংসতা ও ইয়েমেনের ওপর ইসরাইলি আগ্রাসনের জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে।
রবিবার (১৪ই সেপ্টেম্বর) ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, চারটি ড্রোন ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালিয়েছে। এর মধ্যে তিনটি ড্রোন রামন বিমানবন্দরে এবং একটি নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় আঘাত হানে। মুখপাত্র দাবি করেন, সব ড্রোনই সফলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছেছে।
তিনি আরও বলেন, ইয়েমেনি জনগণের ওপর ইসরাইলের আগ্রাসন তাদের সংকল্পকে দুর্বল করতে পারবে না।
অন্যদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। সতর্কতামূলক সাইরেন বাজানো হলেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে শনিবার ভোরে হুতিরা তেল আবিব ও মধ্য ইসরাইল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেটিও আকাশেই আটকানো হয় এবং তাতেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়।
