ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের অভিযোগ, বরখাস্তের দাবিতে গ্রাহক ফোরামের মানববন্ধন

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের প্রভাব বিস্তারের সময় অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তা ও কর্মচারীকে অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সংগঠনটি মনে করে, এসব অবৈধ নিয়োগ ব্যাংকের সুনাম, স্থিতিশীলতা ও গ্রাহক আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।

গ্রাহক ফোরামের নেতারা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই জালিয়াতির মাধ্যমে হাজারো কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। তারা বলেন,

এস আলমের প্রভাবাধীন সময়ে চট্টগ্রামের পটিয়া ও অন্যান্য শাখায় ব্যাংকের অভ্যন্তরীণ প্রক্রিয়া উপেক্ষা করে ব্যাপক অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।

বক্তারা দাবি করেন,

এসব অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের অনেককে এখন ওএসডি হিসেবে রাখা হয়েছে, যা ব্যাংকের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে তাদের চাকরিচ্যুত করা জরুরি।

তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে পুনরুদ্ধার করতে হলে অবৈধ দখল ও নিয়োগের সংস্কৃতি বন্ধ করতে হবে। বক্তাদের মতে, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এস আলম গ্রুপের আমলে নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া।

গ্রাহক ফোরাম মনে করে, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও সুশাসন ফিরিয়ে আনতে ইসলামী ব্যাংকের বর্তমান প্রশাসনের সাহসী পদক্ষেপই এখন সময়ের দাবি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *