ক্ষমতায় গেলে বিদেশে চিকিৎসা নেবেন না কোনো এমপি-মন্ত্রী: ড. হেলাল উদ্দিনের অঙ্গীকার

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

2 Min Read

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো এমপি বা মন্ত্রী বিদেশে গিয়ে চিকিৎসা নেবেন না—এমন অঙ্গীকার জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

শুক্রবার (২৪ অক্টোবর) মতিঝিল উত্তর থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

আমরা ক্ষমতায় গেলে জনগণের করের টাকায় গড়ে ওঠা দেশীয় স্বাস্থ্য ব্যবস্থাকেই উন্নত করব। তখন আমাদের কোনো এমপি বা মন্ত্রী বিদেশে চিকিৎসা নিতে যাবে না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শুধু রাজনীতি করার জন্য রাজনীতি করে না; বরং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে। তাঁর ভাষায়,

অতীতে যারা ক্ষমতায় এসেছে তারা নিজেদের স্বার্থে রাজনীতি করেছে, কিন্তু জামায়াত মানবতার রাজনীতি করে—দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের পরিচয়।

ড. হেলাল জানান, জামায়াতের চার দফা আদর্শের একটি হলো সমাজ সংস্কার ও সমাজসেবা। সেই ভিত্তিতে দলটি দীর্ঘদিন ধরে বন্যা, নদীভাঙন, দারিদ্র্য ও বেকারত্ব মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কার্যক্রম দল, মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত।

স্বাস্থ্যসেবার প্রসঙ্গ টেনে তিনি বলেন,

আমাদের আমির ডা. শফিকুর রহমান নিজে দেশের ভেতরেই চিকিৎসা নিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটিই জামায়াতের নীতিগত বার্তা। আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রের প্রতিটি নাগরিক দেশেই উন্নত চিকিৎসা পাবে।

ড. হেলাল অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। কিন্তু জামায়াত কখনো ক্ষমতায় না থেকেও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, শোষিত-বঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করা, যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া, উদ্যোক্তা তৈরিতে সুদবিহীন ‘কর্জে হাসানা’ চালু করা, শিক্ষা সহায়তা প্রদান ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন—এসবই জামায়াতের সামাজিক সেবা কার্যক্রমের অংশ।

বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আহ্বান জানান,

নতুন বাংলাদেশ গড়তে সবাইকে জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।

 

অনুষ্ঠানে মতিঝিল উত্তর থানা আমীর এস. এম. শামছুল বারীর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা সাবু চত্বরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা নেন। বিশেষজ্ঞ চিকিৎসক দল সারাদিন বিনামূল্যে রোগীদের সেবা দেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *