সাতক্ষীরায় মাদক বিক্রির সময় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

2 Min Read

সাতক্ষীরার দেবহাটায় মাদক বিক্রির সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিন সরদারকে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার পুষ্পকাটি ইটভাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া আল আমিন সরদার (৩২) পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের তুব্বাত সরদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ইয়াবা ও ভারতীয় নেশাজাতীয় ওষুধ ‘ট্যাপেনটাডল’ ট্যাবলেট বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, চুরি, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে কয়েক বছর আগে আল আমিনকে নিজ গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর তিনি শ্বশুরবাড়ি এলাকায় আত্মগোপনে থেকে আবারও মাদক ব্যবসা শুরু করেন। সোমবার বিকেলে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন,

আমরা বারবার নিষেধ করেছি, কিন্তু সে শোনেনি। বিকেলে তাকে হাতে-নাতে ধরি এবং পুলিশে দিই।

খবর পেয়ে র‌্যাব-৬ এর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। সাতক্ষীরা র‌্যাব কোম্পানি কমান্ডার জানান, আল আমিনের বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং তিনি পূর্বে জামিনে ছিলেন। স্থানীয়রা ইয়াবাসহ তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন,

স্থানীয়রা তাকে মারধর করায় গুরুতর আহত হয়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি এবং হাসপাতালে ভর্তি করি।

বর্তমানে আল আমিন সরদার দেবহাটার সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *