সিরাজগঞ্জ জেলা কারাগারে মারা গেছেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০)। মঙ্গলবার (২৮শে অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, গত ২৪ এপ্রিল থেকে তিনি কারাগারে ছিলেন। দীর্ঘদিন ধরে হার্টের জটিলতা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। সকালে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তবে পরিবার ও স্থানীয় সূত্র বলছে, বাচ্চু খান দীর্ঘদিন দলীয় রাজনীতিতে সক্রিয় থাকলেও বয়সজনিত কারণে তিনি রাজনৈতিকভাবে তেমন সক্রিয় ছিলেন না। তার হঠাৎ মৃত্যু নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, একজন প্রবীণ নেতার অসুস্থতার বিষয়টি জানার পরও কেন যথাসময়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।
সূত্র জানায়, বাচ্চু খান জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনায় দায়ের করা চারটি হত্যা মামলার আসামি ছিলেন। ওই মামলায় গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে ছিলেন।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় রাজনৈতিক মহলে তার মৃত্যু ঘিরে নানান ব্যাখ্যা ও প্রশ্ন উঠেছে—এটি কি নিছক প্রাকৃতিক মৃত্যু, নাকি অবহেলার ফল? এই প্রশ্নের উত্তর মিলবে তদন্তের পরেই।
