শনিবার (১ নভেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত “জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন,
যে রাজনৈতিক দলের জন্ম গণভোটের মাধ্যমে, তারা কীভাবে আবার গণভোটের বিরোধিতা করে?
তিনি বিএনপির এই অবস্থানকে ‘আত্মঘাতী পদক্ষেপ’ আখ্যায়িত করে বলেন,
বিএনপি ‘না’ ভোটের পক্ষে যে অ্যাকটিভিজম করছে, সেটা নিজেদের জন্যই ক্ষতিকর। তাদের তৃণমূল ভোটাররা এই অবস্থানের সঙ্গে একমত নন।
তুষার আরও বলেন,
সেক্যুলারিজমকে এমন এক টক্সিক জায়গায় নিয়ে গেছে সরকার, যেখানে বিষয়টি এখন ইসলাম বনাম সেক্যুলারিজমে পরিণত হয়েছে।
১৯৭২ সালের সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, এই সংবিধান সামরিক শাসনের সুযোগ তৈরি করেছে এবং এটি জনগণের সঙ্গে এক ধরনের জুলুম। তবুও কিছু রাজনৈতিক দল এখনও সেটি টিকিয়ে রাখতে মরিয়া বলে মন্তব্য করেন তিনি।
তুষার দাবি করেন, বিএনপির প্রায় ৩৫ শতাংশ নেতাকর্মী ‘না’ ভোটে সমর্থন দিলেও তৃণমূলের ৬৫ শতাংশ ভোটার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।
তিনি অভিযোগ করেন, বড় রাজনৈতিক দলের নেতারা আলোচনার টেবিলে একরকম কথা বলছেন, আবার জনসমক্ষে ভিন্ন বার্তা দিচ্ছেন। বিএনপি যে বলছে পঞ্চদশ সংশোধনীর মধ্যে থাকা ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ বাতিল করা হচ্ছে, সেটিকে ‘মিথ্যা প্রচারণা’ বলেও মন্তব্য করেন তিনি।
‘নোট অব ডিসেন্ট’-এর ব্যাখ্যায় তুষার বলেন, এর মানে কেবল
আমার মতভেদ আছে, তবে প্রক্রিয়া চলুক
—এর বাইরে এর কোনো রাজনৈতিক অর্থ নেই।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে অনেক কিছু হারালেও যা রক্ষা করা সম্ভব, তা রক্ষা হবে জুলাই সনদের মাধ্যমেই। এজন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি, যাতে কোনো একক রাজনৈতিক দল সনদ বাস্তবায়ন ঠেকাতে না পারে।
