মালদ্বীপের রাজধানী মালের বন্দরের বাইরে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন। নিহতদের একজন বাংলাদেশের নাগরিক, অন্যজন স্থানীয়। আহত হয়েছেন বন্দরের আরও ছয় কর্মী, যাদের মধ্যে বিদেশিও রয়েছেন।
রবিবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে একটি ল্যান্ডিং ক্রাফট খননযন্ত্র খালাস করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে উল্টে যায়। তাতেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
নিহত বাংলাদেশির নাম মাসুদ হোসেন (৩২)। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পাটানিশ গ্রামের বাসিন্দা। তার পিতা সোলেমান। অন্য নিহত ব্যক্তি মালদ্বীপের স্থানীয় নাগরিক, আলি আফলাহ আবদুল্লাহ (২৫)।
দুর্ঘটনার সময় ক্রাফটটিতে মোট ১৪ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে আহত ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তিনজনকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়, পরে আরও তিনজনকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় নাগরিক আলি আফলাহ মারা যান। বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের আঘাতের মাত্রা এখনও নির্ধারণ করা যায়নি। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্রাফটে অতিরিক্ত ভার পড়ায় এটি উল্টে যায়।
এর আগে মাত্র দুই সপ্তাহ আগেও মালদ্বীপে একই ধরনের একটি ল্যান্ডিং ক্রাফট ডুবে গিয়ে তিনজনের প্রাণহানি ঘটে। ধারাবাহিক এ ধরনের দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয়রা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন।
