কক্সবাজারের কৃতি তরুণী হাকিমুন নেসা বাপ্পি অর্জন করলেন আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি। নারী সেবা ও যুব উন্নয়ন সংস্থা (WAYDO)-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা বাপ্পি WINDRR রাইজিং স্টার অ্যাওয়ার্ড ২০২৫–এর বিশ্বের শীর্ষ ৭ গ্লোবাল ফাইনালিস্টদের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন।
মহিলাদের আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস নেটওয়ার্ক (WIN DRR) কর্তৃক প্রদত্ত এই মর্যাদাপূর্ণ সম্মাননা জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস অফিস (UNDRR) এশিয়া-প্যাসিফিকের সহায়তায় প্রদান করা হয়। দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR), নারী নেতৃত্ব শক্তিশালীকরণ এবং যুব উন্নয়নে তার ধারাবাহিক প্রচেষ্টা তাঁকে এই আন্তর্জাতিক মঞ্চে স্থান করে দিয়েছে।

WAYDO জানায়—এই অর্জন শুধু বাপ্পির ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশে নারী-নেতৃত্বাধীন সংগঠনগুলোর সক্ষমতা, দৃঢ়তা এবং বৈশ্বিক পদচিহ্নের প্রতীক। তৃণমূল পর্যায়ে নারীদের সম্পৃক্ততা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি, এবং যুবসমাজকে দুর্যোগ প্রস্তুতি ও নেতৃত্বে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তার কার্যক্রম দেশে-বিদেশে প্রশংসিত।
বর্তমানে হাকিমুন নেসা বাপ্পি থাইল্যান্ডের ব্যাংককে ইউনাইটেড নেশন কনফারেন্স সেন্টার (UNCC)-এ আয়োজিত আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও WAYDO-এর প্রতিনিধিত্ব করছেন। তিনি ইন সাইট টিভিকে বলেন,
“আমি আশাবাদী যে আমি বিশ্ব মঞ্চে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে পারব।”
তিনি আরও বলেন, দেশের প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য সম্মান, দায়িত্ব ও গভীর তৃপ্তির বিষয়।
দেশের তরুণ প্রজন্ম ও নারীদের জন্য এই অর্জন একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
