ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারীপুরে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় জড়ো হয়ে আন্দোলনকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে রাজধানী ঢাকার সঙ্গে বরিশাল বিভাগ ও মাদারীপুর জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে হত্যার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্লোগান দেন তারা।
বিক্ষোভকারীরা বলেন, ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা, রাষ্ট্র ও সমাজের জন্য গভীর উদ্বেগের বার্তা। বিদেশে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার অভিযোগ তুলে সংশ্লিষ্ট উপদেষ্টাদের পদত্যাগের দাবিও তোলেন তারা।
আন্দোলনকারীরা আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে এমন হত্যাকাণ্ড থামবে না—এ জন্য দ্রুত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান তারা।
দুপুর সোয়া তিনটার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে অবরোধ চলাকালে সড়কের দুই পাশে ছোট–বড় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
এ সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
