জামায়াত–এনসিপি আসন সমঝোতার পথে, বড় জোট গঠনের ইঙ্গিত ৮ দলের

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আট দলীয় জোটের পরিসর আরও বিস্তৃত হতে পারে। জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ যেসব দলের মধ্যে আসনভিত্তিক সমঝোতা প্রায় চূড়ান্ত, সেই তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে এনসিপি—এমন ইঙ্গিতই দিয়েছেন জোটের একাধিক শীর্ষ নেতা। তবে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে আরও দু-একদিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

জোট নেতাদের ভাষ্য অনুযায়ী, মনোনয়নপত্র উত্তোলনের শেষ সময় পর্যন্ত সমঝোতা না হলেও প্রার্থিতা প্রত্যাহারের আগেই দলগুলোর মধ্যে আসন ভাগাভাগির বিষয়টি নিষ্পত্তি হবে। ফলে শেষ মুহূর্তে নির্বাচনী অঙ্কে বড় পরিবর্তনের সম্ভাবনা থাকছে।

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের সঙ্গে যুক্তদের বিচার, নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সক্রিয় রয়েছে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসসহ আট দল। রাজপথের এই ঐক্যকে নির্বাচনী মাঠে রূপ দিতে আসন সমঝোতার বিষয়ে তারা একমত হয়েছে বলে জানা গেছে।

আট দলের নেতারা জানান, এনসিপিসহ আরও কয়েকটি দল তাদের সঙ্গে আসন সমঝোতায় আগ্রহ দেখিয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে জোটের ভেতরে ধারাবাহিক আলোচনা চলছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং এনসিপির সঙ্গেও আলোচনা চলছে। তার ভাষায়,

আমরা একটি চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছি

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ মনে করেন, এনসিপিসহ নতুন দল যুক্ত হলে জোট আরও শক্তিশালী হবে। তিনি বলেন, এতে প্ল্যাটফর্ম বড় হবে এবং নির্বাচনে ইতিবাচক প্রভাব পড়বে।

নতুন দলগুলোর জন্য প্রয়োজনে আসনে ছাড় দিতেও প্রস্তুত রয়েছে আট দলীয় জোট। নেতারা বলছেন, অভ্যুত্থানের চেতনা ও সংস্কারের দাবিকে এগিয়ে নিতে বৃহত্তর ঐক্যই তাদের মূল লক্ষ্য। এ বিষয়ে জালালুদ্দীন আহমদ বলেন,

আসন কিছু কমলেও আমরা অসন্তুষ্ট হব না। বড় প্ল্যাটফর্ম হলে ফলাফল আরও ভালো হবে।

আন্দোলনরত আট দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক ইসলামি শক্তিগুলোকে একত্র করেই তারা সংস্কারের পক্ষে জনসমর্থন আদায় এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পথে এগোতে চান।

জোট নেতারা জানান, আসন সমঝোতা ও নতুন অংশীদারদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *