গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ মুসলেম উদ্দিন মিয়া ওরফে ‘মিয়া কসাই’কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা পুলিশের একটি দল তাকে আটক করে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান জিএমপির ক্রাইম ডিসি (দক্ষিণ) মো. মহিউদ্দিন আহমেদ।
ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকায় চায়না ফ্যাক্টরির গলিতে অভিযান চালায়। ওই এলাকার তাহের নামের এক ব্যক্তির মালিকানাধীন বাড়ির একটি ভাড়া কক্ষ থেকে মুসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাইকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার ব্যবহৃত রুমের একটি স্টিলের আলমিরা তল্লাশি করে পুলিশ দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্রেফতার মুসলেম উদ্দিন বরিশালের বাকেরগঞ্জ থানার বাসিন্দা। তার পিতা মৃত জালাল মিয়া এবং মাতা মৃত রওসন আরা। ভোটার আইডি অনুযায়ী তার স্থায়ী ঠিকানা ঢাকার হাতিরঝিল থানার নয়াটোলা মগবাজার এলাকায় উল্লেখ রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ভাড়া বাসায় বসবাস করে কসাই পেশার আড়ালে তিনি অবৈধ অস্ত্রের কারবার চালিয়ে আসছিলেন। এ ঘটনায় গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ আরও জানায়, গ্রেফতার মিয়া কসাইয়ের বিরুদ্ধে এর আগেও হাতিরঝিল ও শাহজাহানপুর থানায় মাদক ও অস্ত্র আইনে আরও দুটি মামলার তথ্য পাওয়া গেছে। ১৮৭৮ সালের অস্ত্র আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
