বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৩১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সূচি নিশ্চিত করে বোর্ড।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে মঙ্গলবারের (৩০ ডিসেম্বর) দুটি ম্যাচ স্থগিত রাখায় টুর্নামেন্টের সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, বন্দরনগরী চট্টগ্রামে নির্ধারিত সব ম্যাচ বাতিল করা হয়েছে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব।
বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকা পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি। ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর ২৩ জানুয়ারি ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এবারের বিপিএলের।
এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
নতুন সূচি অনুযায়ী, সিলেটে লিগ পর্বের ম্যাচগুলো চলবে ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। এই সময়ে সিলেট টাইটান্স, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে।
ঢাকা পর্বে ১৫ জানুয়ারি থেকে শুরু করে ১৭ জানুয়ারি পর্যন্ত লিগ পর্বের শেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর শুরু হবে প্লে-অফ পর্ব।
বিসিবি জানিয়েছে, পরিবর্তিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট পরিচালনায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং দলগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
