প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের সাক্ষাৎ

2 Min Read

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানানো হয়, সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় অবস্থান করছেন বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিরা। তাদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ এবং ভূটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকও প্রয়াত এই নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। বিদেশি অতিথিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং বাংলাদেশের জনগণের সঙ্গে শোক ভাগাভাগি করেন।

উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে ৪টার পর রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।

তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ৮০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং বুধবার সাধারণ ছুটি পালন করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *