কক্সবাজারের চার আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন, বৈধ ১৮

ছিদ্দিকুর রহমান, কক্সবাজার প্রতিনিধি

2 Min Read

কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের জন্য দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নানের নেতৃত্বে দুই দিনব্যাপী এই যাচাই-বাছাই শেষে মোট ২৩ জন প্রার্থীর মধ্যে ১৮ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের মনোনয়নপত্র যাচাই করা হয়। এই আসনে মনোনয়ন দাখিল করা পাঁচ প্রার্থীর মধ্যে তিনজন বৈধতা পান। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুখ এবং গণঅধিকার পরিষদের মো. আব্দুল কাদের। অন্যদিকে ইসলামী আন্দোলনের মো. ছরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

একই দিন কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সাত প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে পাঁচজনকে বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলনের জিয়াউল হক, খেলাফত মজলিশের ওবাদুল কাদের নদভী, গণঅধিকার পরিষদের এস এম রোকনুজ্জামান খান এবং জাতীয় পার্টির মো. মাহমুদুল করিম। এ আসনে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলার মনোনয়নপত্র বাতিল হয়।

শনিবার (৩ জানুয়ারি) কক্সবাজার-৩ (কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও) আসনের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এখানে ছয় প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির লুৎফুর রহমান কাজল, জামায়াতের শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলনের আমিরুল ইসলাম, লেবার পার্টির জগদীশ বড়ুয়া এবং আমজনতা দলের নুরুল আবছার।

অন্যদিকে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে মনোনয়ন দাখিল করা পাঁচ প্রার্থীর সবাই যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছেন। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপির শাহজাহান চৌধুরী, জামায়াতের নুর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলনের নুরুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সাইফুদ্দিন খালেদ এবং লেবারেল ডেমোক্রেটিক পার্টির আব্দুল্লাহ আল আরাফাত।

নির্বাচন কমিশনের ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *