আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্বের ১০৪টি দেশে ৭ লাখ ২৮ হাজার ২৩ জন নিবন্ধিত প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানান। তিনি বলেন, নিবন্ধিত বাকি প্রবাসী ভোটারদের কাছেও দ্রুততম সময়ের মধ্যে ব্যালট পাঠানো হবে।
তবে পোস্টাল ব্যালট ব্যবহারে গোপনীয়তা রক্ষার বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি জানান, ব্যালটের গোপনীয়তা বজায় রাখা সংশ্লিষ্ট ভোটারের দায়িত্ব। কেউ যদি এই গোপনীয়তা ভঙ্গ করেন, সে ক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সর্বাধিক সংখ্যক পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে অবস্থানরত ২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন প্রবাসীর কাছে। এ ছাড়া মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ জন এবং কাতারে ৭৪ হাজার প্রবাসী ভোটার পোস্টাল ব্যালট পেয়েছেন।
ইসি আরও জানায়, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন এবং প্রবাস থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার।
ইসি সূত্র জানায়, বুধবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের ৫০ হাজার ৭৯০ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরবে ১৭ হাজার, মালয়েশিয়ায় ১১ হাজার ৭৫০ এবং ওমানে ১০ হাজার ২০০ জন প্রবাসী ব্যালট পেয়েছেন।
