নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দেড় কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। অভিযানে ১০৮ কেজি গাঁজা ও ৯ হাজার ৫১৬ বোতল ফেনসিডিলসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার লাভড়াপাড়া এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন—লাভড়াপাড়া এলাকার আমানুল্লাহর ছেলে তানজিদ, একই এলাকার আলাউদ্দিনের ছেলে রিফাত এবং পাড়াগাঁও এলাকার রোকন উদ্দিনের ছেলে রিদুল।
রূপগঞ্জ উপজেলা সেনাক্যাম্পের কোম্পানি কমান্ডার শরিফ রূপগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা। অভিযানে আটক তিনজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোম্পানি কমান্ডার শরিফ আরও জানান, মাদকবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
