চট্টগ্রামে সেনা অভিযান: অস্ত্রসহ দুই শীর্ষ অপরাধী আটক

মাহমুদুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি

1 Min Read

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বেংগুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে চারটি বিদেশি শটগান, দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

বোয়ালখালী আর্মি ক্যাম্প সূত্র জানায়, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তারা পুকুরে ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা করলে সেনাসদস্যরা চারদিক থেকে ঘিরে ধরে তাদের আটক করতে সক্ষম হন।

গ্রেফতারকৃতরা হলেন সালাউদ্দিন রুমি ও সাইফুল ইসলাম। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, সালাউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ছয়টি এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তারা বিগত নির্বাচনসহ বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে জানানো হয়েছে।

এছাড়াও তারা দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে তা অবৈধভাবে বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *