সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের ভাঙচুর, সহিংসতা ও কর্তব্যরত এক নারী চিকিৎসককে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
রোববার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, চিকিৎসাসেবা একটি মানবিক ও নৈতিক দায়িত্বপূর্ণ পেশা। সেই দায়িত্ব পালনের সময় পরিকল্পিতভাবে ভাঙচুর চালানো, নারী চিকিৎসককে হেনস্তা করা এবং তিনজন ওয়ার্ডবয়কে আহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা হাসপাতালের শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি পুরো স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তার জন্য হুমকি।
তিনি বলেন, রাষ্ট্রের অব্যবস্থাপনা, আইনশৃঙ্খলার দুর্বলতা ও স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অবহেলার কারণে হাসপাতালগুলো আজ নিরাপদ আশ্রয়স্থল নয়, বরং ভয়ের জায়গায় পরিণত হয়েছে। বিশেষ করে নারী চিকিৎসকের প্রতি হেনস্তার ঘটনা নারীর নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
ডা. রফিকুল ইসলাম আরও বলেন, এর আগেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটলেও দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। ফলে এসব ঘটনা বাড়ছে। কোনো অভিযোগ থাকলে বিএমডিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে, আইন হাতে তুলে নেওয়া গর্হিত অপরাধ।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য সুরক্ষা আইন ও রোগী-চিকিৎসক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যখাতকে নিরাপদ করতে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে।
