দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। দ্বীপে পরিবেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে সোমবার (১৯ জানুয়ারি) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ যৌথ অভিযান। অভিযানের প্রথম দিনেই বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত অনিয়মের দায়ে চারটি রিসোর্ট ও রেস্তোরাঁকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, ট্যুরিস্ট পুলিশ এবং সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে পরিবেশের ক্ষতিসাধন ও বিধি লঙ্ঘনের দায়ে যেসব প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্কবার্তা দেওয়া হয়, সেগুলো হলো—প্রিন্স হ্যাভেন রিসোর্ট, জোয়ার-ভাটা রেস্তোরাঁ, ড্রামস প্যারাডাইস রিসোর্ট এবং প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট।
এছাড়া অভিযানে বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান থেকে সরকার নিষিদ্ধ সিঙ্গেল-ইউজ (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিকের কাপ ও স্ট্র জব্দ করা হয়। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় দুটি রেস্তোরাঁ থেকে পচা ও বাসি খাবার উদ্ধার করে তা মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, সেন্টমার্টিনের বাস্তুসংস্থান সুরক্ষা এবং পরিবেশগত শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। যেসব হোটেল ও প্রতিষ্ঠান নিবন্ধনহীন অথবা যাদের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক নয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, সেন্টমার্টিন ও কক্সবাজারকে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে এই অভিযান আগামী কয়েকদিন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
