জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

2 Min Read

দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করা সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড। বোর্ড সভায় আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, সাকিব যদি ফিট থাকেন এবং খেলার জন্য অ্যাভেইলেবল হন, তাহলে নির্বাচক প্যানেল তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করবে।

শনিবার (২৪ জানুয়ারি) বোর্ড সভা শেষে এ তথ্য নিশ্চিত করে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে ফিটনেস, উপস্থিতি ও প্রাপ্যতা নিশ্চিত হলে সাকিব আল হাসানকে দলে নেওয়ার বিষয়ে কোনো বাধা থাকবে না। হোম ও অ্যাওয়ে—উভয় সিরিজের ক্ষেত্রেই তাকে বিবেচনায় রাখা হবে।

জাতীয় দলে ফেরার পাশাপাশি সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতেও অন্তর্ভুক্ত করার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আসন্ন মৌসুমে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে মোট ২৭ জন ক্রিকেটার থাকছেন এবং সেখানে সাকিবের নাম অন্তর্ভুক্ত হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সাকিব আল হাসান বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী অনাপত্তিপত্র পাবেন। আন্তর্জাতিক সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে তাকে সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিগত সরকারের সময়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা সাকিব আল হাসানের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর একাধিক মামলা হয়। বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, এসব বিষয়ও বোর্ডের পক্ষ থেকে আইনগতভাবে মোকাবিলা করা হবে।

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে সাকিব সর্বশেষ ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাঠে নেমেছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফিরতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও সেটি আর বাস্তবায়িত হয়নি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *