পিলখানা হত্যা মামলা: প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ড—যা ইতিহাসে বাংলাদেশ রাইফেলস বিদ্রোহ নামে পরিচিত—এর বিচারিক প্রক্রিয়া এখনও সম্পূর্ণ নিষ্পত্তি হয়নি। দীর্ঘ বিচার, আপিল ও আইনি জটিলতার কারণে আসামি ও নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে।

প্রসিকিউশনের দাবি, বিস্ফোরক দ্রব্য আইনের মামলার বিভিন্ন সাক্ষীর জবানবন্দিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম এবং জাহাঙ্গীর কবির নানকসহ সে সময়ের কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন জানিয়েছেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

বিস্ফোরক দ্রব্য আইনের এ মামলায় আসামির সংখ্যা প্রায় সাড়ে ৮শ’। মোট ১২০০ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষীর বক্তব্যে উল্লিখিত ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়।

মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। ৫ আগস্টের পর কয়েকশ’ আসামি জামিন পেয়েছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় ঘটে দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড। সেদিন ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। পিলখানার মতো সুরক্ষিত স্থানে এমন রক্তাক্ত ঘটনা কেউ কল্পনাও করেনি।

২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরবর্তীতে হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। এছাড়া ১৮৫ জনকে যাবজ্জীবন ও ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৮৩ জন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *