জেআইসি সেলে গুম: শেখ হাসিনাসহ ১৩ জনের বিচার শুরু

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

আওয়ামী লীগের শাসনামলে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)-এ গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক–বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল–১-এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। এর ফলে দীর্ঘদিন আলোচিত জেআইসি সেলকেন্দ্রিক গুম ও নির্যাতনের মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচার পর্যায়ে প্রবেশ করল।

মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। গত ৭ ডিসেম্বর বিচার শুরুর আবেদন জানিয়ে প্রসিকিউশন শুনানি শেষ করে। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, জেআইসি সেলে শতশত মানুষকে বেআইনিভাবে আটক রেখে ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে। আব্দুল্লাহ হিল আমান আজমী ও মাইকেল চাকমাসহ অন্তত ২৬ জন দীর্ঘদিন নির্যাতনের পর মুক্তি পান। রাষ্ট্রপক্ষের দাবি, গুমের নীতিগত নির্দেশনা দিতেন শেখ হাসিনা এবং তা সেনা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক।

শুনানিকালে শেখ হাসিনাসহ অন্যান্য আসামির আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। তবে ট্রাইব্যুনাল সেই আবেদন নাকচ করে বিচার শুরুর নির্দেশ দেন।

এ মামলায় আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক, পাঁচ পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল। মামলায় অভিযুক্তদের মধ্যে বর্তমানে তিনজন গ্রেফতার রয়েছেন। তারা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

শেখ হাসিনাসহ বাকি আসামিরা পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে আছেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল (অব.) হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহাম্মদ এবং লে. কর্নেল (অব.) মখসুরুল হক।

এদিকে জুলাই–আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *