নাফনদীতে ট্রলারসহ আরও ১২ জেলে নিখোঁজ: সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

কক্সবাজারের টেকনাফ সীমান্ত আবারও অস্থিরতায়। নাফনদী থেকে মাছ ধরার একটি ট্রলারসহ ১২ জন জেলেকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে। এ ঘটনায় শুধু জেলেপাড়া নয়, পুরো সীমান্তজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে শাহপরীরদ্বীপের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফনদীতে ঘটনার সূত্রপাত। বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে এফবি ওসমান নামের ট্রলারটি ধাওয়া করে থামায় সশস্ত্র আরাকান আর্মির সদস্যরা। এরপর অস্ত্রের মুখে ১২ জেলেকে ধরে নিয়ে যায় তারা।

ট্রলার মালিক সমিতির সভাপতি গফুর আলম বলেন,

সামনের দিক থেকে দ্রুতগামী নৌকায় আসা সশস্ত্র লোকজন আমাদের জেলেদের ধাওয়া দেয়। পরে অস্ত্র ঠেকিয়ে ধরে নিয়ে যায়। আমরা এভাবে আর কতদিন জিম্মি হয়ে থাকব?

ধরে নিয়ে যাওয়া জেলেরা সবাই শাহপরীরদ্বীপ এলাকার। তাদের মধ্যে রয়েছেন— মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫) ও মো. আরফান (২৩)।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে চলতি আগস্ট মাসেই দুই দফায় আরও সাতজন জেলেকে একইভাবে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ১২ আগস্ট সকালে বঙ্গোপসাগরের একই এলাকা থেকে পাঁচ জেলে এবং ৫ আগস্ট টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নদীপথ থেকে আরও দুই জেলে নিখোঁজ হন।

গত বছরের ডিসেম্বর থেকে চলতি আগস্ট পর্যন্ত নাফনদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে অন্তত ২২৩ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে বিভিন্ন সময়ে ১৮৯ জন জেলে ও ২৭টি ট্রলার-নৌকা ফেরত আনা সম্ভব হয়েছে, তবে বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *