আফ্রিকা অঞ্চল থেকে ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা করে নেওয়া প্রথম দল হলো মরক্কো। শুক্রবার রাতে নিজেদের মাঠে নাইজারকে উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছে টিকিট।
কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মরক্কো। প্রথমার্ধেই দলের এগিয়ে যাওয়ার কাজ সারেন ইসমাইল সাইবারি—তার জোড়া গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরও বড় ধাক্কা খায় নাইজার। আবদুল-লতিফ গুমেই লাল কার্ড দেখায় তারা ১০ জনে নেমে আসে। সেখান থেকে পুরো ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় মরক্কো। এরপর একে একে গোল করেন আয়ুব এল কাবি, হামজা ইগামানে ও আজেদ্দিন উনাহি।
৫-০ গোলের এই জয়ে গ্রুপ ‘ই’-তে ছয় ম্যাচে ছয় জয় তুলে নিয়েছে দলটি। ফলে বাকি দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করল ফিফা র্যাঙ্কিংয়ের ১২তম অবস্থানে থাকা মরক্কো।
মরক্কো হলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ৪৮ দলের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা ১৭তম দল।
উল্লেখ্য, শেষ আসর ২০২২ কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। এবার তারা আরও বড় স্বপ্ন দেখছে—আবারও বিশ্বকে চমকে দেওয়ার।
