বগুড়া শহরে পেট্রল পাম্পের একটি অফিস কক্ষ থেকে এক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ইকবাল হোসেন (২৫)। তিনি ওই পেট্রল পাম্পের ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামে।
স্থানীয়রা জানান, সকালে অফিস কক্ষে প্রবেশ করলে তাঁরা ইকবালের গলাকাটা মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। তবে হত্যার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন,
ঘটনার পর থেকে পাম্পের একজন কর্মচারীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁকে শনাক্ত করে পাওয়া গেলে ঘটনার ক্লু পাওয়া সম্ভব হবে।
পুলিশ বর্তমানে পেট্রল পাম্পের কর্মচারী ও আশপাশের এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। হত্যাকাণ্ডটি পরিকল্পিত নাকি ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে—তা খতিয়ে দেখা হচ্ছে।
