পিআর পদ্ধতিতে ভোটের সম্ভাবনা নেই: সিইসি

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন নির্বাচন হবে সংসদীয় পদ্ধতিতেই, কারণ বিদ্যমান আইন অনুযায়ী পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে ভোটের কোনো সুযোগ নেই।

রাজধানীর আগারগাঁওয়ে নিজ দফতরে নির্বাচন কমিশনের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন,

আমাদের আরপিওতে (গণপ্রতিনিধিত্ব আদেশ) যে নিয়ম আছে, সেই নিয়ম মেনেই ভোট হবে। পিআর তো আরপিওতে নেই। আমার সামনে যে আইন আছে, সেটি নিয়েই এগোতে হবে। আইন পরিবর্তন করা সংসদের কাজ, কমিশনের নয়।

তিনি আরও জানান, রমজানের আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। আরপিও বা সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত বর্তমান ভোট পদ্ধতি পাল্টানোর সুযোগ নেই বলেও তিনি পরিষ্কার করেন।

সব দল নির্বাচনের আগে সমঝোতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিইসি। তবে একইসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, নতুন নিবন্ধন পাওয়া জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক কেন দেয়া হবে না, তার ব্যাখ্যা ইসি দেবে না। তার ভাষায়,

এটা কমিশনের সিদ্ধান্ত। এনসিপি দেশদ্রোহী নয়, তাই তাদের হুঁশিয়ারিকে আমরা হুমকি মনে করছি না।

নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী চলতি মাসেই প্রতীকসহ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে ১১৫টি প্রতীকের গেজেট প্রকাশ করা হয়েছে। তবে শাপলা প্রতীক না পেয়ে ক্ষোভ জানিয়েছে নিবন্ধনপ্রত্যাশী এনসিপি।

সার্বিকভাবে সিইসির বক্তব্যে স্পষ্ট যে, বিদ্যমান আইন কাঠামো মেনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পিআর পদ্ধতিতে ভোট আয়োজন নিয়ে যে আলোচনা চলছে, তার কোনো ভিত্তি নেই।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *