মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী শহর হুলহুমালেতে নৃশংস এক ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ২১ বছর বয়সী এক নেপালি নারীকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাটি ঘটে হুলহুমালে শহরের প্রথম ফেজ এলাকায় দুপুর আনুমানিক ১টার দিকে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে ২৫ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে শনাক্ত করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনাটি ঘটার পর মুহূর্তের মধ্যে এলাকায় ভীতি ছড়িয়ে পড়ে। আহত নেপালি নারীর শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও বিস্তারিত কিছু জানায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই হামলার পেছনে কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ব্যক্তিগত বিরোধ থেকে ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এদিকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। তারা বলছেন, এরকম ঘটনা মালদ্বীপে কর্মরত সাধারণ বাংলাদেশিদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
মালদ্বীপ পুলিশ বর্তমানে মামলাটি অধিকতর গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আটক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, তা নির্ভর করছে চলমান তদন্তের ওপর।
