রাজধানীর গুলিস্তান ও ধানমণ্ডিতে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ সমর্থক সন্দেহে দুইজনকে গণপিটুনি দিয়েছে একদল বিক্ষোভকারী। তারা নিজেদের ‘জুলাইযোদ্ধা’ বলে পরিচয় দিয়েছে।
দুপুর আনুমানিক দেড়টার দিকে গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে রিকশা চালিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ বাবু নামে এক ব্যক্তি। হঠাৎ কয়েকজন বিক্ষোভকারী তার ওপর হামলে পড়ে এবং আওয়ামী লীগের সমর্থক বলে সন্দেহে শারীরিকভাবে আক্রমণ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা বারবার ‘জুলাইযোদ্ধা’ স্লোগান দিচ্ছিল।
এক পর্যায়ে পুলিশ উপস্থিত হলেও তারা তেমন কোনো পদক্ষেপ নেয়নি। বরং বিক্ষোভকারীরা বাবুকে পাশের একটি মার্কেটে নিয়ে গিয়ে ফের মারধর করে। পরে তিনি জ্ঞান হারান। পুলিশ তাকে উদ্ধার করে গাড়িতে তুললেও সেই সময়ও হামলাকারীরা তাকে আঘাত করতে থাকে। পুরো সময়জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রায় নিষ্ক্রিয়।
আহত রিকশাচালক মোহাম্মদ বাবুর বাড়ি বরিশালের নেহালগঞ্জ এলাকায় বলে জানা গেছে। তার বর্তমান শারীরিক অবস্থা গুরুতর, তবে তাকে কোন হাসপাতালে নেয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে একইদিন দুপুরে ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় এক নারী বিক্ষোভকারীদের হাতে মারধরের শিকার হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই নারী একাই সেখানে স্লোগান দিচ্ছিলেন, এমন সময় কয়েকজন তরুণ এসে তার ওপর চড়াও হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে হামলাকারীদের কাউকে আটক করা হয়নি।
ঘটনাগুলো ঘিরে ঢাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। নাগরিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে—রাজনৈতিক সহিংসতার এই ধারা সাধারণ মানুষকেও এখন ঝুঁকির মুখে ফেলছে।
