দীপু চন্দ্র ও ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

দীপু চন্দ্র দাস এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, দীপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। একইভাবে ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ সূত্র বা ‘ভাইটাল ক্লু’ পাওয়া গেছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার এ দুটি মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো অপরাধের ক্ষেত্রে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

উল্লেখ্য, একই বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ২০২৪–২৫ অর্থবছরের সংশোধিত বাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *