সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের নির্ধারিত দুই ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন মাঠে উপস্থিত একাংশ সমর্থক।
বিসিবির পূর্বঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ১টায়। কিন্তু ম্যাচ শুরুর প্রায় দুই ঘণ্টা আগে এক প্রেস বিজ্ঞপ্তিতে খেলা স্থগিতের সিদ্ধান্ত জানায় বিসিবি। এরই মধ্যে দুপুর ১২টার দিক থেকে স্টেডিয়ামের বাইরে জড়ো হতে থাকেন দর্শকরা।
খেলা স্থগিতের খবর জানার পর অনেক দর্শক হতাশ হয়ে স্টেডিয়াম এলাকা ত্যাগ করলেও, ক্ষুব্ধ সমর্থকদের একটি অংশ স্টেডিয়ামের মূল প্রবেশপথে অবস্থান নেয়। তারা বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং খেলা মাঠে গড়ানোর দাবি জানান।
সমর্থকদের অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা খেলা দেখতে এসেছেন। এতে সময় ও অর্থ—দুটোরই বড় ক্ষতি হয়েছে। কুমিল্লা থেকে আসা সমর্থক শামীম হোসেন (২৭) বলেন,
আমরা দূর থেকে এসেছি। আমাদের সময় আর টাকার কোনো মূল্য নেই? খেলা বাতিল হলে যাতায়াত খরচের ক্ষতিপূরণ দিতে হবে।
এসময় স্টেডিয়ামের প্রবেশপথের অপর পাশে সতর্ক অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা নীরব ভূমিকা পালন করলেও, দেড়টার দিকে কিছু সমর্থক ফটকে ধাক্কাধাক্কি শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বিত দল এগিয়ে এসে সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। মাইকে ঘোষণা দিয়ে সবাইকে স্টেডিয়াম এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। পরে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয় এবং জটলা সরে যায়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবেই আজকের বিপিএলের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
