থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও গান-বাজনা, ৯৯৯-এ শব্দদূষণের ৩৮১ অভিযোগ

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

থার্টি ফার্স্ট নাইট ও নতুন বছরের প্রথম দিনে আতশবাজি এবং উচ্চশব্দে গান-বাজনার কারণে দেশজুড়ে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। শব্দদূষণে অতিষ্ঠ হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ মোট ৩৮১টি অভিযোগ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) জাতীয় জরুরি সেবার গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি—এই দুই দিনে শব্দদূষণ সংক্রান্ত অভিযোগগুলো ৯৯৯-এ আসে।

জাতীয় জরুরি সেবা সূত্রে জানা গেছে, প্রাপ্ত ৩৮১টি অভিযোগের মধ্যে ঢাকা মহানগর এলাকা থেকেই এসেছে ৯৬টি। দেশের অন্যান্য জেলা ও এলাকা থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয় আরও ২৮৫টি অভিযোগ।

আনোয়ার সাত্তার বলেন, প্রতিটি অভিযোগের ক্ষেত্রেই ৯৯৯ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে এবং তাৎক্ষণিক প্রতিকারের চেষ্টা করা হয়েছে।

প্রতিবছর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পটকা ও আতশবাজি ফোটানোর ওপর পুলিশের সাধারণ নিষেধাজ্ঞা থাকলেও এবছর পরিস্থিতি ছিল আরও সংবেদনশীল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোর ওপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছিল।

তবে এসব সরকারি ও পুলিশি নির্দেশনা উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন বছর উদযাপনের নামে আতশবাজি ও পটকা ফোটানো হয়। এতে রাতভর উচ্চশব্দে গান-বাজনার ঘটনাও ঘটে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও বিরক্তির সৃষ্টি করে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *