মোংলায় কোস্টগার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিনিধি

2 Min Read

মোংলায় কোস্টগার্ডের অভিযানে অপহৃত এক নারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাগর মোল্লা (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, গত ২০ ডিসেম্বর সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে খুলনা এলাকায় আসেন ১৮ বছর বয়সী এক তরুণী। এ সময় সাগর মোল্লা নিজেকে সহায়তাকারী হিসেবে পরিচয় দিয়ে তাকে সুন্দরবনের করমজলে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে খুলনার দাকোপ থানার বানিশান্তা এলাকায় অপহরণ করে আটকে রাখে।

দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় ভুক্তভোগীর স্বামী খুলনার সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে লোকমুখে খবর পেয়ে শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগীর স্বামী বানিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেন।

এ সময় অভিযুক্ত সাগর মোল্লা তাদের অনুসরণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে ভুক্তভোগীর ভাই পরিচয়ে পুনরায় জোরপূর্বক তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি কোস্টগার্ডকে জানানো হলে কোস্টগার্ড বেইস মোংলা থেকে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

অভিযানে অপহৃত নারীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত অপহরণকারীকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত নারী ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা জানান, উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *