জুলাই হত্যাকাণ্ডসহ চলমান মামলাগুলোর বিচারকাজ স্বাভাবিক গতিতেই অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, আইনমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন ট্রাইব্যুনালের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তিনি আরও যোগ করেন —
আমরা আশাকরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে
চিফ প্রসিকিউটর বলেন, সরকার সুনির্দিষ্ট নির্দেশনা না দিলেও কার্যক্রম অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে। দায়িত্বে থাকা পর্যন্ত স্বাভাবিক গতিতেই সব কার্যক্রম পরিচালিত হবে—এটাই ন্যায়বিচারের দাবি বলেও মন্তব্য করেন তিনি।
এদিন জুলাই হত্যাকাণ্ড মামলায় ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-২-এ সাক্ষ্য দেন মিরপুরের শহীদ ফজলে রাব্বি ও শহীদ তানহার বাবা।
অন্যদিকে, র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি ধার্য করেন ট্রাইব্যুনাল-১।
এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জাভেদ পাটোয়ারি ও হারুন অর রশিদসহ সব আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
এদিকে, সংসদ সদস্য আখতার হোসেন বলেন, শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। মূল আসামিদের এখনো গ্রেফতার করতে না পারার ব্যর্থতা দূর করতে হবে সরকারকেই—মন্তব্য করেন তিনি।
সব মিলিয়ে, ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক ও আইনি অঙ্গনে আলোচনা আরও জোরদার হচ্ছে।
