কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের মামলায় অভিযুক্ত চারজনের বিরুদ্ধে কঠোর রায় ঘোষণা করেছে জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে দেওয়া এই ঐতিহাসিক রায়ে দুজনকে মৃত্যুদণ্ড, দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নূর মোস্তফা, পিতা মোহাম্মদ হোসেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও সোনা মিয়া, পিতা মৃত নজির আহমদ, কক্সবাজার শহর। যাবজ্জীবনপ্রাপ্ত আবদুল গফুর (৩৫), পিতা মৃত খুলি মিয়া, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও মো. আয়ুব ওরফে তৈয়ব, পিতা মৃত মোহাম্মদ আলম।খালাসপ্রাপ্ত হয়েছেন আবদুর রহমান, পিতা মো. ইসলাম, রামু উপজেলার রাজারকুল এলাকা।
মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২ মার্চ জেলা গোয়েন্দা পুলিশ বিপুল পরিমাণ এক লাখ ৯০ হাজার ইয়াবা এবং একটি মাইক্রোবাসসহ পাঁচজনকে আটক করে। ঘটনার পর সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয় এবং একই বছরের সেপ্টেম্বর মাসে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সাক্ষ্যপ্রমাণ বিবেচনা করে আদালত এ রায় ঘোষণা করেন।
প্রসিকিউশন সূত্র জানায়, মামলার পাঁচ আসামির সবাই বিচারপ্রক্রিয়ার বিভিন্ন সময়ে জামিন পান এবং তাদের মধ্যে চারজন রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন। কেবল খালাসপ্রাপ্ত আবদুর রহমান রায় ঘোষণাসময়ে আদালতে উপস্থিত ছিলেন।
মাদকবিরোধী অভিযানে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় রায় হিসেবে বিবেচিত হচ্ছে। বিচারক উল্লেখ করেন, সমাজ ও রাষ্ট্রকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর সাজা অপরিহার্য।
এই রায়ে স্পষ্ট হয়েছে—মাদককারবারিদের বিরুদ্ধে শিথিলতার কোনো সুযোগ নেই।
