জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

সংস্কার, বিচার ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (২৮ জুন) মহাসমাবেশ করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে। প্রথম অংশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়, যেখানে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, “সারা দেশ থেকে কয়েক হাজার বাস রিজার্ভ করা হয়েছে। এছাড়া লঞ্চ ও ট্রেনে করে কয়েক লাখ জনতা সমাবেশস্থলে উপস্থিত হবেন বলে আশা করছি।”

দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “এই মহাসমাবেশ থেকে আগামীর রাজনীতির একটি নতুন বার্তা পাওয়া যাবে। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটের অধিকার রক্ষায় পিআর পদ্ধতির বিকল্প নেই।”

মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায়—এমন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের দাবি, এতে অংশ নেবেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশের এ ধরনের বড় জমায়েত সরকারের ওপর নতুন চাপ তৈরি করতে পারে। বিশেষ করে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি বর্তমানে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠছে।

মহাসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক রয়েছে। সম্ভাব্য জনসমাগমের কারণে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এ মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী কৌশলও ঘোষণা করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *