জাতীয় সংসদ ভবন এলাকায় আজ (১৭ই অক্টোবর) বিকেলের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা।
সকাল থেকে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধা’ নামে পরিচিত বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। দুপুর ২টার দিকে মানিক মিয়া এভিনিউ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে দেন বিক্ষুব্ধরা। পুলিশের ব্যারিকেডে ব্যবহৃত রোড ব্লকারগুলো একত্রিত করে আগুন ধরিয়ে দেয় তারা। পরে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। এতে আহত হন বেশ কয়েকজন।
এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত থেকে অবস্থান করা আন্দোলনকারীরা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করেন। অনেকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে গ্রিল টপকে ঢোকার চেষ্টা করেন। পরে মূল ফটক খুলে দেওয়া হলেও আন্দোলনকারীরা সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চ ও অতিথিদের নির্ধারিত স্থানে বসে পড়েন।
বিক্ষোভকারীদের অভিযোগ—সনদ প্রণয়নে তাদের পরামর্শ নেয়নি সরকার, বরং তাদের অবদানের স্বীকৃতি না দিয়ে অবমূল্যায়ন করা হয়েছে। ঘোষণাপত্রের মতো এখানেও কোনো আইনি ভিত্তি রাখা হয়নি বলেও অভিযোগ করেন তারা। ১০ সদস্যের প্রতিনিধি দলকে মঞ্চে জায়গা দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা।
দুপুর ১টার কিছু আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজসহ কমিশনের সদস্যরা অনুষ্ঠানের মঞ্চে আসেন। তিনি জুলাই যোদ্ধাদের হত্যার বিচার, যথাযথ সম্মান, আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন। তবে তার বক্তব্যে আশ্বস্ত না হয়ে বিক্ষোভকারীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরই শুরু হয় পুলিশি অ্যাকশন।
সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন বিক্ষুব্ধরা এবং বাইরের কয়েকটি ট্রাক ও বাসে ভাঙচুর চালান। খামারবাড়ি ও আসাদগেট পর্যন্ত ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিকেল ৪টায় অনুষ্ঠেয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনিশ্চয়তায় পড়ে যায়, যদিও এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথা ছিল। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
