শাহজালালের আগুন: টানা ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, তদন্তের ঘোষণা

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় টানা সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগার পর রাত সোয়া ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যরা একযোগে কাজ করে। রাত ৯টার পর বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিকভাবে শুরু হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দ্রুত ও সমন্বিত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের উপদেষ্টা সরেজমিনে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তদারকি করেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রাথমিকভাবে আগুনের উৎস ও কারণ নিশ্চিত না হলেও ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। তদন্তে স্যাবোটাজসহ সব সম্ভাব্য দিক খতিয়ে দেখা হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের সতর্কতা নেওয়া হয়েছিল। যাত্রীদের সহযোগিতা ও ধৈর্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এদিকে অগ্নিকাণ্ডে কার্গো সেকশনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও, সামগ্রিক বিমানবন্দর কার্যক্রমে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে না বলে আশা করা হচ্ছে।

চলমান তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে প্রশাসন।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *