অস্ত্রধারী দেহরক্ষী পেলেন জামায়াত আমির, বাসভবনে পুলিশ মোতায়েন

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য একজন অস্ত্রধারী দেহরক্ষী (গানম্যান) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে তার বাসভবনের নিরাপত্তায় পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েন করা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তাঝুঁকি বা হুমকি বিদ্যমান। এ কারণে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান নিয়োগ এবং বাসভবনে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ মোতায়েন জরুরি বলে মনে করা হয়েছে।

পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে করা নিরাপত্তাঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সুপারিশ পাঠানো হয়। ওই সুপারিশ পর্যালোচনা করেই সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করে।

এর আগে গত ১৭ ডিসেম্বর জামায়াত আমিরের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনে নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি আ ফ ম আবদুস সাত্তার আবেদনটি করেন। যাচাই-বাছাই শেষে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে শীর্ষ নেতাদের নিরাপত্তা ইস্যু নতুন করে গুরুত্ব পাচ্ছে। জামায়াত আমিরকে ঘিরে নেওয়া এই সিদ্ধান্ত দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতেও আলাদা মাত্রা যোগ করেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *