২৬ টুকরা লাশের রহস্য উদ্ধার: নেপথ্যে ত্রিভুজ প্রেম ও বিশ্বাসঘাতকতা

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

3 Min Read

হাইকোর্ট সংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর)  দুটি ড্রামে উদ্ধার হওয়া খণ্ডিত লাশের ভয়াবহ রহস্য উন্মোচন করেছে তদন্ত সংস্থা। পরকীয়া, প্রতারণা আর বন্ধুত্বের নামে বিশ্বাসঘাতকতা—সব মিলিয়ে ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় রাজধানীর শনির আখড়ার একটি ভাড়া বাসায়। নিহত রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে ২৬ টুকরা করে ড্রামে ভরার সিদ্ধান্ত নেন তার ঘনিষ্ঠ বন্ধু মালয়েশিয়া প্রবাসী জরেজুল এবং এই ঘটনার নেপথ্যের প্রেমিকা।

রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক ও মালয়েশিয়া প্রবাসী জরেজুলের বন্ধুত্ব অনেক দিনের। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জরেজুলের। দেশে ফিরে সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। কিন্তু প্রবাসে ফেরার পর সেই নারী আশরাফুলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। দেশে ফিরে জরেজুল ঢাকার শনির আখড়ায় বাসা ভাড়া নেন। সেখানে আশরাফুল গিয়ে স্পষ্ট জানিয়ে দেন—তিনি ওই নারীর সঙ্গে সম্পর্কে আছেন। এতে ক্ষোভ ও ঈর্ষায় ক্ষিপ্ত হয়ে ওঠেন জরেজুল।

একদিন অপ্রত্যাশিতভাবে বাসায় ফিরে জরেজুল দেখেন আশরাফুল ও তার প্রেমিকা আপত্তিকর অবস্থায়। মুহূর্তেই নিয়ন্ত্রণ হারান তিনি। হাতের কাছে থাকা হাতুড়ি দিয়ে আশরাফুলের মাথায় আঘাত করেন এবং পরে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। হত্যাকাণ্ডে সেই নারীও সহযোগিতা করেন। এরপর ২৪ ঘণ্টা তারা মরদেহ ঘরে রেখে দ্বিধায় পড়েন কী করবেন তা নিয়ে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন মরদেহ টুকরা করার। নির্মমভাবে আশরাফুলের দেহ ২৬ ভাগ করে দুটি নীল ড্রামে ভরে রাখেন তারা।

এরপর ড্রাম দুটি কোথায় ফেলা হবে তা নিয়ে পড়ে যান আরও বিপাকে। ঢাকায় নতুন হওয়ায় এলাকা সম্পর্কে অজ্ঞ ছিলেন দুজনই। সিএনজি ভাড়া নিয়ে দীর্ঘক্ষণ ঘুরে হাইকোর্ট সংলগ্ন একটি অপেক্ষাকৃত ফাঁকা স্থানে ড্রাম দুটি ফেলে দ্রুত সটকে পড়েন। সিসিটিভি ফুটেজে দেখা যায়—বৃহস্পতিবার দুপুরে নারীটি একা বাসায় ঢোকে; পাঁচ মিনিট পর জরেজুলের সঙ্গে দু’টি ড্রাম নিয়ে বের হয়ে যায়। প্রায় ২০ কিলোমিটার পথ ঘুরে বিকেল সোয়া ৩টার দিকে ড্রামগুলো রেখে এলাকা ত্যাগ করে তারা।

ঘটনার পর তারা পালিয়ে আশ্রয় নেন কুমিল্লার দাউদকান্দিতে। কিছুক্ষণ পর সেখান থেকেও আলাদা হয়ে আত্মগোপনের চেষ্টা করেন। তবে তদন্তকারীদের চাপ বাড়ায় বেশিক্ষণ লুকিয়ে থাকা সম্ভব হয়নি। দাউদকান্দি থেকে জরেজুলকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত হাতুড়ি। অপর নারীকে গ্রেফতার করা হয় অন্যত্র অভিযান চালিয়ে। ঘটনাস্থলের অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে।

হাইকোর্ট এলাকায় ড্রামে লাশ উদ্ধারের ঘটনা শুরু থেকেই রহস্যে ভরা ছিল। তদন্তের মাধ্যমে উঠে এসেছে এক ভয়াবহ ত্রিভুজ প্রেমের কাহিনি—যেখানে ঈর্ষা, প্রতিশোধ আর প্রতারণা মিলিয়ে নাশ হয়েছে একটি জীবন, ভেঙে গেছে বন্ধুত্ব, ধ্বংস হয়েছে মানবিকতা। একটি ভুল সম্পর্ক কীভাবে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে—এই ঘটনা যেন তার নির্মম বাস্তব উদাহরণ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *