রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেভাবে বিমান বিধ্বস্ত হয়ে ৩৪ জন প্রাণ হারিয়েছেন, তার ক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে। তারা বলছেন, সন্তানদের আর ফিরিয়ে দেয়া সম্ভব না হলেও, এ ঘটনার জন্য দায়ীদের শাস্তি দিতে হবে এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৭টার দিকে স্কুলের সামনে নিহতদের পরিবার ও স্বজনেরা আট দফা দাবি নিয়ে মানববন্ধনে অংশ নেন। তারা ক্ষতিপূরণ, সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের পাশাপাশি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক কোচিং বন্ধ এবং কোচিং ব্যবসার মূল হোতা হিসেবে অভিযুক্ত স্কুল প্রধান শিক্ষিকার অপসারণের দাবি তুলেছেন।
দাবি তালিকায় রয়েছে—
- দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের নির্দেশনা নিশ্চিত করা
- সারা দেশে মাইলস্টোনসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করা
- প্রত্যেক নিহত শিক্ষার্থীর পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা সরকারি ক্ষতিপূরণ দেওয়া
- স্কুলের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান
- রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থানান্তর অথবা রানওয়ের অবস্থান পরিবর্তন
- প্রধান শিক্ষিকা খাদিজাকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ ও সুষ্ঠু বিচার
- স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ পরিবারের কাছে সরবরাহ
- বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম জনবসতি থেকে দূরে সরানো
নিহত ফাতেমার মামা লিয়ন মীর বলেন, দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বড় আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা।
স্কুলের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত কর্নেল নুরুন নবী কোচিং বাণিজ্য নিয়ে অভিযোগ অস্বীকার করে জানান, শিক্ষকদের বাড়তি ক্লাস শিক্ষা অধিদফতরের নিয়ম মেনে পরিচালিত হচ্ছে। এছাড়া, শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিং ও শোকসভা আয়োজনসহ বিভিন্ন সমর্থনমূলক কার্যক্রম চলছে।
গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। পাইলটসহ ৩৪ জন নিহত হন, যাদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী। অনেক আহত এখনও চিকিৎসাধীন। এই ভয়াবহ দুর্ঘটনা জাতীয় শোকের বিষয় হিসেবে গণ্য হচ্ছে।
