বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজাপুরে অনুষ্ঠিত এক নির্বাচনি উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ওই বক্তব্যের ভিডিও তার ভেরিফায়েড ফেসবুক পেজ Dr. Fayzul Huq – The Youth Leader of Bangladesh থেকে লাইভ প্রচার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিও বক্তব্যে ড. ফয়জুল হক বলেন,
আপনারা দৈনিক বিড়ি খান না ৫/১০টা। বিড়ি যে দোকান থেকে খাবেন, ওই দোকানে গিয়ে বিড়ি অর্ডার দেবেন আর লগে লগে বিড়ি ধরিয়ে একটা সুখটান মাইররা বলবেন—কী খবরডা, দেশের অবস্থা দেখছো? দাঁড়িপাল্লা ছাড়া তো আর মানুষ দেখি না।
তিনি আরও বলেন,
এমনও হইতে পারে, আমার ভাই জীবনে কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই। কিন্তু ওই সুখ টান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে দাঁড়িপাল্লার দাওয়াত দেয়, আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। এমনও হইতে পারে, পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তাকে ভালো করে দিতে পারে।
পুরুষ ভোটারদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে জামায়াত প্রার্থী বলেন,
এখন থেকে ৫ টাকার চা খাবেন আর ১৫ টাকার গল্প করবেন। বলবেন—সব জায়গায় দেখি ড. ফয়জুলের দাঁড়িপাল্লার জয়জয়কার। এই কথা বললে আশপাশের আরও ৫/১০ জন একই কথা বলবে।
নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন,
আজ থেকে একটা মাথাও আর ফ্রি আচরাইবেন না। উঠানে গল্প করতে গেলে পেনাপোডা শুরু করবেন দাঁড়িপাল্লা নিয়ে। এতদিন তোমার কথা শুনছি, আজ থেকে তুমি আমার কথা শুনবা। আগামী নির্বাচনে অন্তত একবারের জন্য কায়েদা সাহেব হুজুরের নাতি ড. ফয়জুল হককে দাঁড়িপাল্লায় ভোট দেবা।
এ সময় তিনি নারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
মা-বোন আত্মীয়স্বজনসহ অন্তত ২০ জন নারীকে ফোন করে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বলবেন।
ড. ফয়জুল হকের এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বক্তব্যকে প্রচারণার কৌশল হিসেবে দেখলেও অনেকে বিষয়টি নিয়ে সমালোচনা করছেন।
